১৭ তম জাতীয় সামার অ্যাথলেটিক্স: কুষ্টিয়ার ছেলে শুভর ১৪ তম স্বর্ণ পদক অর্জন

কুষ্টিয়ার সাহেব আলী শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন।

সামার অ্যাথলেটিক্স

১৭ তম জাতীয় সামার অ্যাথলেটিক্স শেষ হয়েছে গতকাল। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩ দিন ব্যপী প্রতিযোগীতা ২২ আগষ্ট শুরু হয়ে ২৪ আগষ্ট রবিবার শেষ হয়েছে। প্রতিযোগীতায় হাই জাম্প ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেছেন নৌবাহিনীর প্রতিযোগী মাহফুজুর রহমান শুভ। শুভ কুষ্টিয়ার জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোঃ আবু বক্বর সিদ্দিকের পুত্র। এটি নৌবাহিনীর হয়ে শুভর ১৪ তম স্বর্ণপদক।

গতকাল পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে কুষ্টিয়ার সাবেক অ্যাথলেট ও কোচ সাহেব আলীকে শ্রেষ্ঠ সংগঠক হিসাবে পুরুস্কৃত করা হয়েছে। সাহেব আলী কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা ও কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক।

নিজ উদ্যোগে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ একাডেমি পরিচালনার জন্য সাহেব আলীকে শ্রেষ্ঠ সংগঠক পুরুস্কার দেওয়া হয়। সাহেব আলী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ও জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কৃতত্বের স্বাক্ষর রাখেন। শিক্ষা জীবন শেষে তিনি ক্রিড়া শিক্ষকের চাকরী নেন এবং অ্যাথলেটিক্স প্রশিক্ষণ দিতে থাকেন।

উল্লেখ্য যে এবারের সামার অ্যাথলেটিক্স আসরে কুষ্টিয়া জেলা অ্যাথলেটিক্স ফেডারেশনে হয়ে দুই জন প্রতিযোগী প্রতিযোগীতায় অংশগ্রহণ করলেও কেউ পদক লাভ করেনি।

দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে সারাদেশের অ্যাফিলিয়েটেড বিভিন্ন সংস্থা, সামরিক ও বেসামরিক বাহিনীসহ ৩৫টি সংস্থার ৪০২জন এ্যাথলেট রেজিষ্ট্রেশন করে। তার মধ্যে প্রায় ৪৫জন ম্যানেজার/কোচ। প্রতিযোগিতা পরিচালনার জন্য দেশীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১২০জন টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহণ করেন।

তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৮টি ইভেন্ট। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিং এর জন্য ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন এর ব্যবস্থা করা হয়।

এবারের প্রতিযোগিতায় আকর্ষণীয় দিক হলো অ্যাথলেটিক্সে জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত (খেলোয়াড় ও সংগঠক ক্যাটাগরী) ৪৬জন কে উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী প্রধান অতিথির মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী অ্যাথলেটদের ফেডারেশনের পক্ষ থেকে ৫,০০০/- হাজার, ৩,০০০/- হাজার ও ২,০০০/- হাজার করে অর্থ পুরস্কার দেওয়া হয় এবং রেকর্ডধারী অ্যাথলেটদের ২০,০০০/- হাজার টাকা অর্থ পুরষ্কার দেওয়া হয়। এছাড়া ১০০মিটার স্প্রিন্ট পুরুষ মহিলা ইভেন্টে পদকধারী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী অ্যাথলেটদের আমেরিকা প্রবাসী সাবেক দ্রুততম মানব জনাব শাহ জালাল মবিনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা নগদ অর্থ পুরষ্কার দেওয়া হয়।

Scroll to Top